গাবতলীতে নদীগর্ভে বিলীন হওয়ার পথে পাকা সড়ক, ৫ গ্রামের মানুষের চলাচল বন্ধের উপক্রম
আমিনুল আকন্দ: বগুড়া
বগুড়ার গাবতলীতে অতিবৃষ্টির কারণে ইছামতী নদীর পাড়ে পাকা সড়কের একটি অংশ ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এতে পাঁচ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জানা গেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মাঝিপাড়া থেকে বেতেরকান্দি, বঠিয়াভাঙ্গা, শিলদহবাড়ী, কিতুনিয়া ও ডুমকান্দি গ্রামের মানুষের গাবতলী উপজেলা সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। কয়েক দিন আগে অতিবৃষ্টির কারণে দুর্গাহাটা মাঝিপাড়া এলাকায় ইছামতী নদীর তীরে সড়কের একটি অংশে ভাঙন দেখা দেয়। বর্তমানে ভাঙন ক্রমেই বৃদ্ধি পাওয়ায় সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে সড়কটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এতে প্রায় ৩০ হাজার মানুষের উপজেলা সদরে যাতায়াতসহ শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।
এ বিষয়ে দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক মেম্বার মুনজুর মোরশেদ জানান রাস্তাটি আমি পরিদর্শন করেছি, এটি সংকার করা না হলে নদী গর্ভে বিলিন হতে পারে , তিনি বগুড়া -৭ আসনের এমপি মোরশেদ মিল্টনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এলাকাবাসী দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
