পাওনা টাকার বিরোধ: কিশোরগঞ্জে সাদেক মিয়া হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ:- পাওনা টাকা চাওয়ার জেরে সাদেক মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এই রায় ঘোষণা করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহ কামাল এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী এলাকার মৃত লাল মিয়ার বড় ছেলে রমজান মিয়া (৩৮) এবং ছোট ছেলে ইয়াসিন মিয়া (৩২)।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ ডিসেম্বর বিকেলে হোসেনপুর উপজেলার দক্ষিণ পুমদি এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে মারধর করা হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ৮ ডিসেম্বর নিহত সাদেক মিয়ার বড় ভাই কাঞ্চন মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামি করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামি মোহাম্মদ আলী নিহত সাদেক মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং এর জের ধরেই পরিকল্পিতভাবে সাদেক মিয়াকে ডেকে নিয়ে হত্যা করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে হোসেনপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন, যেখানে রমজান মিয়া ও ইয়াসিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য চার আসামি মো. আব্দুল কাদির মিয়া, শাহানা আক্তার, আল-আমিন ও মোহাম্মদ আলীকে খালাস দেওয়া হয়।
