সাতক্ষীরা তালায় সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় পাসের হার ৬৩ শতাংশ
মুকুল হোসেন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:- সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সুভাষিণী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসায় এবারের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যাদের মধ্যে ২২ জন কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫ জন কৃতকার্য হলেও এবার প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রকাশিত ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করলেও, জিপিএ-৫ না আসায় এবং প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। ফলাফল আরও ভালো করার তাগিদ দিয়েছেন শিক্ষকরা।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম বলেন, “এবার আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি, এতে আমরা কিছুটা হতাশ। তবে ২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে, এজন্য আমরা সন্তুষ্ট। আগামীতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষক-শিক্ষার্থী সকলে মিলে কাজ করব। যারা কৃতকার্য হতে পারেনি, তাদের পাশে থেকে আমরা আগামী পরীক্ষায় সফল করার চেষ্টা করব।”
উল্লেখ্য, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলায় দীর্ঘ ৫৫ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
