যশোরের রামদা ও ককটেল উদ্ধার, ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ
যশোর প্রতিনিধি
যশোর শহরের রেলরোড খাটপট্টি এলাকায় ফুটপাত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রামদা ও একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ এগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী রাজিব অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে মানববন্ধন করায় একটি চক্র তাকে ফাঁসাতে তার অস্থায়ী দোকানের পাশে রামদা ও ককটেল রেখে গেছে। তার দাবি, কয়েকজন চিহ্নিত মাদক কারবারি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
রাজিবের বোন রেখাও তাকে ফাঁসানোর পাশাপাশি হত্যাচেষ্টার অভিযোগ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রামদা ও ককটেল উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
