মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বিষ দিয়ে ৫০০ পাখি হত্যা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ২৩ বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় ধানক্ষেতে বিষ দিয়ে পাঁচ শতাধিক পাখি হত্যার দায়ে রাজন (২৫) নামের এক যুবককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মদনা গ্রামের উত্তর পাড়ার আতিয়ার রহমানের ছেলে রাজন তার ধানক্ষেতে বিষাক্ত টোপ ছিটান। মাঠের উন্মুক্ত স্থান থেকে বিষযুক্ত ধান খেয়ে বিভিন্ন প্রজাতির অন্তত ৫০০ পাখি ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি দেখে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পরপরই রাতেই ওই গ্রামে অভিযানে যায় প্রশাসন।

অভিযান পরিচালনাকারী দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম জানান, বন্যপ্রাণী আইন অনুযায়ী অভিযুক্ত রাজনকে ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে উপজেলা বন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *