গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের সাথে সংরক্ষিত সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানার মতবিনিময়
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:- রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার সাকিলা ফারজানা। তিনি বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। গঙ্গাচড়ার উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে সংসদ সদস্য স্থানীয় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
