স্থানীয়দের অভিযোগের পর ইউএনও’র পরিদর্শনে বন্ধ নির্মাণকাজ
নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভার পশ্চিম শান্তিবাগ এলাকায় পৌরবিধি না মেনে বাসা নির্মাণে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের সংবাদ প্রকাশের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সানজিদা চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা। পরিদর্শন শেষে নির্মাণকাজে অসঙ্গতি পাওয়ায় নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ইউএনও।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইউএনও সানজিদা চৌধুরী কেন্দুয়া পৌরসভার প্রকৌশলী রাজু আহমেদ ও পৌর সচিব মতিউর রহমান নির্মাণকাজ পরিদর্শন করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়দের লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, ইকবাল মাস্টার নামে এক ব্যক্তি পৌরবিধি না মেনে বাসা নির্মাণ করায় এলাকায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে পশ্চিম শান্তিবাগ এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। তারা আরও জানান, এর আগেও ইকবাল মাস্টার নির্মাণকাজের অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন।
সরেজমিন পরিদর্শনের পর পৌর প্রকৌশলী রাজু আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগ ছিল, একজন স্কুল শিক্ষক পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাসা নির্মাণ করছেন। সরেজমিনে দেখা গেছে, তিনি পৌরসভার ড্রেন নির্মাণের জন্য জায়গা রেখেই বাসা নির্মাণ করছেন। তবে পৌরশহরে বাসা নির্মাণ করতে হলে পৌরসভার অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। তিনি অনুমোদন ছাড়াই নির্মাণকাজ করছিলেন। তাই ইউএনও নির্দেশনায় আমরা নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর এসংক্রান্ত মিটিংয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
