মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মণিরামপুরে ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার
যশোর অফিস 
যশোরের মণিরামপুরে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী (৪৬) নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে মণিরামপুর পৌরশহরের গোহাটা মোড়ে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল এলাকার আব্দুল খালেক দফাদারের ছেলে। তিনি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মণিরামপুর পৌরশহরের দক্ষিণ পাশে ইউনুস আলীর কোমল পানীয়র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। পথে বাজারের গোহাটা মোড়ে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ইউনুস আলী।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরই ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *