মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

পিরোজপুরে ১৬ দলীয় আবু হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শনিবার, ২২ আগস্ট ২০২৬ পঠিত: ১৪ বার

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে অনূর্ধ্ব-১৫ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে ১৬ দলীয় আবু হোসেন স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (২২ আগষ্ট) বিকালে দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবু হোসেন স্মৃতি সংসদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আবু হোসেন ফুটবল একাডেমির সভাপতি এবং চেম্বার অব কমার্স ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ছাত্রনেতা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর আবু হোসেন স্মৃতি সংসদের সভাপতি মো. আলাউদ্দিন আকন।

বক্তারা, “মাদক ছেড়ে খেলাধুলা করি, সুন্দর সুস্থ জীবন গড়ি” ও “খেলাধুলা হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই উদ্দেশ্যকে তুলে ধরে বলেন তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। এ লক্ষ্যেই অনূর্ধ্ব-১৫ বয়সী খেলোয়াড়দের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রতিযোগিতামূলক এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং এলাকার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে খেলোয়াড়দের নিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের কার্যক্রম শুরু হয়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *