যবিপ্রবি ও উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
যশোর অফিস
মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ, মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় যৌথভাবে কাজ করার লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উলসী সৃজনী সংঘের (ইউএসএস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং উলসী সৃজনী সংঘের পক্ষে নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।
সমঝোতার আওতায় যবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ ও উলসী সৃজনী সংঘ যৌথ গবেষণা, মাঠপর্যায়ের কার্যক্রম এবং মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় মৎস্য সম্পদের উন্নয়ন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করবে।
অনুষ্ঠানে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং উলসী সৃজনী সংঘের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনীন সুলতানা জেনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ উদ্যোগ দেশের উন্মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
