পাবনা প্রেসক্লাব সম্পাদককে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
খালেদ আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:- ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পাবনায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পাবনা প্রেসক্লাবের সদস্যসহ জেলার মূলধারার শতাধিক সাংবাদিক অংশ নেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে এবং সংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মির্জা, সিনিয়র সহ-সভাপতি সিফাত রহমান সনম, একুশে টেলিভিশনের রাজিউর রহমান রুমি, আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সাংবাদিক হামিদ খান, দৈনিক প্রথম আলোর সরোয়ার উল্লাস, এটিএন নিউজের রিজভী জয় এবং ক্যামেরা জার্নালিস্ট সংগঠনের সভাপতি রিপন।
বক্তারা বলেন, জহুরুল ইসলামকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়িয়ে পাবনা প্রেসক্লাব ও মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান আখতার অবিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে পাবনা প্রেসক্লাবকে নিয়ে ষড়যন্ত্র না করার আহ্বান জানান। এদিকে, মানববন্ধন শেষে পাবনা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, একটি চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এরই ধারাবাহিকতায় জহুরুল ইসলামকে নিয়ে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, পাবনা ডিবির ওসি রাশেদুল ইসলামের কক্ষে বসে এবং তার যোগসাজশে জহুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগসংক্রান্ত ভিডিও ধারণ করা হয়। কথিত অভিযোগকারী নাফিসাকে ভয়ভীতি দেখিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যান সুবর্ণা হালিম নামের এক নারী এবং নাফিসার মা-বাবার উপস্থিতিতে ওই ভিডিও ধারণ করা হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। ভিডিওটি সোহেল রানা বিপ্লব নামে এক কথিত সাংবাদিক ধারণ করেন বলেও এতে দাবি করা হয়।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংবাদিকরা ঘটনার নিন্দা জানিয়ে ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহারসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। স্মারকলিপিতে পাবনা ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার ও শাস্তির আওতায় আনা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক ও পাবনার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
