লেখা আকারে পড়ুন
নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল পুলিশ
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হতে পারে বলেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে স্ত্রীসহ শেরেবাংলা নগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন সংসদ সদস্য নজরুল ইসলাম। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ রোববার রাতে থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখানোর জন্য কিছু আইনি আনুষ্ঠানিকতা রয়েছে। সোমবার সকাল থেকে সেগুলো সম্পন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সংসদের স্পিকারকে পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। রিমান্ডের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।