যশোরে জমি বিরোধের জেরে জুয়েল হত্যা, চাচার যাবজ্জীবন
শহিদ জয়, যশোর
যশোরের ঝিকরগাছায় জমিজমা নিয়ে বিরোধের জেরে জুয়েল মোড়ল হত্যা মামলায় তাঁর চাচা আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলায় মান্নানের ছেলে আলম হোসেনকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) নুর-ই আলম পান্নু।
আদালত সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান মান্নানের সঙ্গে তাঁর ছোট ভাই হাকিম মোড়লের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০২১ সালের ১৭ ডিসেম্বর সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
একপর্যায়ে মান্নান মেহগনি গাছের ডাল দিয়ে তাঁর ভাই হাকিমকে আঘাত করেন। এ সময় হাকিমের বড় ছেলে জুয়েল মারামারি থামাতে এগিয়ে এলে মান্নান তাঁর মাথায় ওই কাঠ দিয়ে আঘাত করেন। পরে মান্নানের ছেলে আলমসহ কয়েকজন জুয়েলকে মারধর করেন।
গুরুতর আহত জুয়েলকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত পৌনে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহত জুয়েলের বাবা হাকিম মোড়ল বাদী হয়ে মান্নু, তাঁর ছেলে আলম হোসেনসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ঝিকরগাছা থানার এসআই সুমন বিশ্বাস ২০২২ সালের ৩১ মে আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
রায় ঘোষণার সময় আদালত আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন এবং তাঁর ছেলে আলম হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।
