মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

চৌগাছায় ইজারা নিয়ে বিরোধের অবসান, কাঁচাবাজার চালু

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার

যশোর অফিস 

ইজারা আদায় নিয়ে সৃষ্ট বিরোধের কারণে সাময়িক বন্ধ থাকা যশোরের চৌগাছা পৌরসভার কাঁচাবাজার ও মাছের আড়ৎ আবার চালু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ইজারাদার ও ব্যবসায়ী নেতাদের মধ্যে আলোচনা শেষে বাজারের কার্যক্রম স্বাভাবিক হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইজারাদার প্রতি কেজি মাছ ও বিভিন্ন পণ্যে এক টাকা করে খাঁজনা দাবি করায় আড়তদাররা এর প্রতিবাদে বাজার বন্ধ রাখেন। ব্যবসায়ীদের দাবি, বছরের মাঝামাঝি সময়ে নতুন করে খাঁজনা বাড়ানোর সিদ্ধান্তে তারা আপত্তি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে চৌগাছা পৌরসভার পাইকারি কাঁচাবাজার, মাছবাজার, মাছের আড়ৎ, পানবাজারসহ ফুটপাতের ইজারা ১ কোটি ৭৭ লাখ টাকায় নেন আতিকুর রহমান লেন্টু। চলতি ২০২৬ সালে ভ্যাটসহ সর্বনিম্ন ১ কোটি ১৫ লাখ টাকায় তিনি পুনরায় ইজারা পান।

পরে ইজারাদার কাঁচাবাজারের আড়তদারদের কাছে মাছসহ বিভিন্ন পণ্যে কেজিপ্রতি এক টাকা করে খাঁজনা দাবি করলে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে কয়েক ঘণ্টা বাজারের কার্যক্রম বন্ধ থাকে।

পরে স্থানীয় প্রশাসন ইজারাদার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বাজার চালুর উদ্যোগ নেয়। আলোচনায় বছরের শুরুতে নির্ধারিত হারে খাঁজনা আদায় এবং বছরের মাঝামাঝি সময়ে নতুন করে খাঁজনা বৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়।

এরপর বাজারের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। বর্তমানে চৌগাছা কাঁচাবাজার ও মাছের আড়তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে যশোরে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের মুঠোফোনে যোগাযোগ করে জানতে যাওয়া হলে তিনি বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *