রাজস্থলী -রাঙ্গামাটি রুটে চালু হলো নতুন পিক-আপ সার্ভিসঃ যাএীসেবায় নতুুন দিগন্ত
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)
রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে জেলা সদরে যাতায়াত সহজ ও আরামদায়ক করতে চালু হলো নিয়মিত পিক-আপ সার্ভিস। ‘রাঙ্গামাটি জেলা কার, মাইক্রো ও পিক-আপ জীপ গাড়ী মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজস্থলী উপজেলা টিকেট কাউন্টার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা শেষে ফিতা কেটে ও নতুন পিক-আপে যাত্রী হয়ে এ পরিবহন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
রাঙ্গামাটি জিপ ও পিক-আপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে এবং রাজস্থলী প্রেস ক্লাবের সদস্য হাবীবুল্লাহ মিজবার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান ও সাধারণ সম্পাদক সুমন খান,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা ও উপজেলা বিএনপির সদস্য আবদু রহিম বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা নুরুল হক ও মাওলানা জাফর আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম,অনুষ্ঠানে বক্তারা পাহাড়ি-বাঙালিদের যৌথ সমন্বয়ে জিপ ও পিক-আপ মালিক সমিতি গঠন করার বিষয়টিকে সাধুবাদ জানান এবং রাজস্থলী-রাঙামাটি রুটে পিক-আপ সার্ভিস চালু করায় সমিতিকে ধন্যবাদ জানান। বক্তারা যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ ড্রাইভার নিয়োগ ও নিয়মিত গাড়ি সার্ভিসিং করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির মাস্টার খলিলুর রহমান শেখ বলেন রাজস্থলীতে সড়ক যোগাযোগ থাকলেও আধুনিক ও দ্রুত যাতায়াতের জন্য গণপরিবহন এখন অত্যন্ত জরুরি। যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে সমিতি কর্তৃপক্ষকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।তিনি কেবল জেলা সদর নয়,উপজেলার দুর্গম ইউনিয়নগুলোতেও ভবিষ্যতে এ ধরণের যাত্রীসেবা সম্প্রসারণের আহ্বান জানান।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী
রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ রুটে গাড়ি চলাচল শুরু হবে।রাজস্থলী উপজেলা থেকে প্রতিদিন সকাল ৭ টা ও রাঙ্গামাটি থেকে ফেরার সময় প্রতিদিন বিকাল ৩ টা রাঙামাটি থেকে বাঙ্গালহালিয়া হয়ে রাজস্থলী এসে শেষ হবে। সমিতির পক্ষ থেকে জানানো হয়,রাজস্থলী থেকে রাঙামাটি জনপ্রতি যাত্রীর ভাড়া ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ পরিবহন সেবা চালুর ফলে রাজস্থলী অঞ্চলের সাধারণ মানুষের জেলা সদরে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।
