সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা ও দোয়া মাহফিল
রুকন উদ্দিন: নেত্রকোণা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা-পৌর বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) রাতে পৌর শহরের দলীয় কার্যালয়ে কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তার রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তারা।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতীয় জীবনে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
