মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ক্ষেতলালে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা সোহেল রানা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদকে আধুনিক, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি নেতা সোহেল রানা।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকা থেকে তাঁর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে এ প্রচারণা শুরু হয়।

 

এর আগে তুলসীগঙ্গা নদীর পাড়ে ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে আহত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নদীর পাড় থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন সোহেল রানা। পরে মোটরসাইকেল শোডাউনটি তুলসীগঙ্গা ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মনঝার বাজারের শেষ প্রান্তে গিয়ে শেষ হয়।

 

শোডাউনকে ঘিরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকায় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নেতাকর্মীরা। এ সময় সোহেল রানা ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কার, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামের মরহুম আ.ফ.ম. আব্দুল হামিদের ছেলে। তাঁর বাবা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সোহেল রানা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে সোহেল রানা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমি তুলসীগঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবো। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই। পাশাপাশি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি ইউনিয়নবাসি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন।

 

তিনি আরও বলেন, তুলসীগঙ্গা নদী এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই নদীর পাড় থেকেই আমার নির্বাচনী প্রচারণা শুরু করে তুলসীগঙ্গা ইউনিয়নকে নতুনভাবে বিনির্মাণের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।

 

শোডাউনে তুলসীগঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তালহা জুয়েল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আব্দুল লতিফুর বারীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

স্থানীয় নেতাকর্মীরা জানান, ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সোহেল রানার সঙ্গে তাঁরা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন। আগামীতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও আরও ব্যাপক প্রচারণা চালানোর প্রস্তুতিও রয়েছে বলে জানান তাঁরা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *