যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক
যশোর অফিস
যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামে সাংবাদিক পরিচয়ে বেকারি মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে প্রিন্স মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক প্রিন্স মাহমুদ সদর উপজেলার বসুন্দিয়া এলাকার আব্দুল জলিল বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী বেকারি মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি চাঁদাবাজির মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল বুধবার প্রিন্স মাহমুদসহ কয়েকজন যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বেকারি কারখানার বিভিন্ন অনিয়মের ছবি তোলার কথা বলে টাকা দাবি করেন। টাকা না দিলে ছবি টিএনওর কাছে পাঠানোর হুমকিও দেওয়া হয়। পরে বেকারি মালিক রফিকুল ইসলাম পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। একপর্যায়ে চিৎকার শুনে স্থানীয়রা প্রিন্স মাহমুদকে আটক করলেও অন্যরা পালিয়ে যান।
কোতোয়ালি থানা পুলিশ জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
