মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, লিফটের মেশিন থেকে সূত্রপাতের ধারণা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৫ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভবনটির শিশু ওয়ার্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া ছিল। সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে বলে জানান তিনি।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। চিকিৎসাসেবা কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *