মূল কন্টেন্টে যান
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৬ বার
যশোরের বাঘারপাড়া, সদর ও কেশবপুরে পৃথক ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
বাঘারপাড়ায় নিজ বাড়ি থেকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।
সদর উপজেলার কাশিমপুরে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় বাবলু খন্দকার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। তিনি রহেলাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর মাঠে কৃষিকাজ করার সময় বাবলু বিষপান করে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। পরিবারের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
কেশবপুরে গাছের ডাল পড়ে ফাতেমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের বরনডালী গ্রামের ইনসানের মোড়ে এ ঘটনা ঘটে। ফাতেমা মণিরামপুর উপজেলার শ্যামপুর টিনাটোলা গ্রামের হাসানের মেয়ে। পুলিশ জানায়, ফাতেমা মায়ের সঙ্গে নানাবাড়ি থেকে কলারোয়ার সরসকাঠি গ্রামে খালাবাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথে রজব আলী গাছের ডাল কাটার সময় একটি ডাল শিশুটির ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকার ভাইনা গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে সামাল হোসেন (৪৫) নামে এক মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে মোটরভ্যানে বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সামাল হোসেন ভাইনা গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চারটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *