নরসিংদীতে গাঁজা সেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড
নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহম্মেদ (৩০) নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
১৪সেপ্টেম্বর বিকালে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সজিব মিয়া।
দণ্ডপ্রাপ্ত সুমন আহম্মেদ হাফিজপুর গ্রামের হুসাইন আহম্মেদ কুলির ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, হাফিজপুর এলাকায় সুমন আহম্মেদ গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
