বিচার নিশ্চিত করতে ঢাকা থেকে পাবনায় নিহত শিশু কলির বাড়িতে এমপি শিমুল বিশ্বাস
খালেদ আহমেদ:- পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে নিহত শিশু কামরুন্নাহার কলির পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বুধবার কলির বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এমপি শিমুল বিশ্বাস বলেন, কলির পরিবারের পাশে তিনি থাকবেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
এদিকে ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলির বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পর নিখোঁজ হয় কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। ১৫ সেপ্টেম্বর কলির সন্ধান ও জড়িতদের শনাক্তের দাবিতে স্বজন ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এর পরদিন ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ উদ্ধার করে পুলিশ।
