শ্রীপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: দ্রুত গাইনি কনসালটেন্ট নিয়োগের আশ্বাস
শাহাদত হোসাইন, গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা এবং রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু হাসপাতালে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
বিশেষ করে এলাকার নারী রোগীদের চিকিৎসা সুবিধার কথা বিবেচনা করে তিনি অতি স্বল্প সময়ের মধ্যে একজন স্থায়ী গাইনি কনসালটেন্ট আনার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “উপজেলা পর্যায়ের মানুষের জন্য সার্বক্ষণিক সুচিকিৎসা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। গাইনি চিকিৎসকের ঘাটতি পূরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মাসিক সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
