যশোরে সাড়ে ২৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
রাহাত হোসেন, স্টাফ রিপোর্টার
যশোরে আজ বুধবার ১১৬.৬২ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটক হাসান কবীর নয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল এক যুবক। এমন সংবাদের ভিত্তিতে যশোর-চৌগাছা মহাসড়কের চুড়ামনকাঠি রেল ক্রসিং পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বার গুলো পাওয়া যায়।
জব্দ করা স্বর্ণের বাজার মূল্য ২৫ লাখ ৬২ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে।
