যশোরের শীর্ষ সন্ত্রাসী ‘দাতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুজ্জামান ওরফে ‘দাতাল বাবু’ (৪৬) ও তার সহযোগী রতনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১২ আগস্ট) রাত ১টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুজ্জামান শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার বাসিন্দা এবং তার সহযোগী রতন শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) অলোক কুমার দের নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার দিবাগত রাতে শহরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় সাইদুজ্জামান ও রতনকে গ্রেপ্তার করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় আতঙ্ক হিসেবে পরিচিত। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
