নওগাঁর মান্দায় মসজিদে ধারালো হাসুয়ার আঘাতে আহত মামুনের মৃত্যু
নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে হাসুয়ার আঘাতে গুরুতর আহত মামুনুর রশিদ (মামুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৫ আগস্ট ফজরের নামাজের সময় উপজেলার শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে দুর্বৃত্তের হামলায় মামুনুর রশিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।
মামুনুর রশিদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম জানান, মামুনুর রশিদের মৃত্যুর খবর পাওয়ার পর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
নওগাঁ জেলা প্রতিনিধি:-
