জলাবদ্ধতা নিরসনে যুবসমাজের উদ্যোগে কাটাখালি খাল পরিষ্কার
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে কাটাখালি খাল দিয়ে দীর্ঘদিন পানি চলাচলের অনুপযোগী হওয়াতে এলাকায় ফসলের ব্যাপক ঘাটতি হয়ে আসছিল। এলাকার মানুষের দীর্ঘদিনের একটি বড় দুর্ভোগ ও জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলো উদীয়মান যুবসমাজ। বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চলাফেরা ও কৃষিকাজে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছিল। উক্ত খাল দিয়ে কয়েকটি গ্রাম যেমন গোয়ালপাড়া কাঁদপুর চান্দুরিয়া চন্দনপুর ও সুলতানপুর গ্রামের পানি ও বিস্তীর্ণ মাঠের পানি এই খাল দিয়ে চলে সোনাই নদীতে পৌঁছাতো। কিন্তু খালটি সংস্কারের অভাবে এলাকায় শত শত বিঘা জমি চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছিল।
আজ এলাকার স্হানীয় বিএনপি একদল সচেতন ও উদ্যমী যুবক নিজেদের উদ্যোগে ও পরিশ্রমে জমে থাকা কচুরিপানা ও জঞ্জাল পরিষ্কার করে এবং প্রয়োজনীয় স্থানে খাল কেটে পানির স্বাভাবিক চলাচলের পথ উন্মুক্ত করে দিয়েছে।
স্হানীয় বিএনপি ও তরুণদের এই মহৎ ও অনুকরণীয় উদ্যোগকে এলাকাবাসীর আন্তরিক ধন্যবাদ ও গভীর সাধুবাদ জানিয়েছেন এলাকা বাসি । যুবসমাজ শুধু খেলাধুলা বা আড্ডায় নয়, বরং সমাজের যেকোনো সংকটে সবার আগে যে আশার আলো হয়ে দাঁড়াতে পারে, তারা আবারও তা প্রমাণ করল।
তরুণদের এই ইতিবাচক কর্মকাণ্ড দেখে এলাকার অন্যান্যরাও অনুপ্রাণিত হবে। গ্রাম বা এলাকা সুন্দর ও পরিচ্ছন্ন রাখার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক এমনটাই আশা করছে এলাকা বাসি।
