যশোরে দুই শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
যশোর অফিস
যশোর সদর উপজেলার সারাফুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া পারভিন ও সহকারী প্রধান শিক্ষক শুভঙ্কর দাসকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত এক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভ বৃহস্পতিবার আরও ব্যাপক আকার ধারণ করে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে। এ সময় ‘পাপিয়া যাও যাও, শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’, ‘শিক্ষার নামে প্রহসন চলবে না’সহ বিভিন্ন স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দ্বারা তারা বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক নিয়মিত ক্লাস না নেওয়ায় সামনে এসএসসি পরীক্ষা নিয়ে তারা উদ্বিগ্ন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগও দিয়েছে।
এদিকে বিদ্যালয়ের একাধিক সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পাপিয়া পারভিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন। তাদের দাবি, ২০২৪ সাল থেকে বিদ্যালয়ের বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধা থেকে শিক্ষকরা বঞ্চিত হয়ে আসছেন। এছাড়া আয়-ব্যয় কমিটি গঠন না করে বিদ্যালয়ে প্যাটার্নভুক্ত অফিস সহকারী থাকা সত্ত্বেও বাইরের লোকের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন-ভাতা আদায় এবং ভুয়া ভাউচার তৈরির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও করেন তারা।
অন্যদিকে, শিক্ষার্থীরা গত এক সপ্তাহ ধরে ক্লাস বর্জন করে আসছে। বিক্ষোভের একপর্যায়ে প্রধান শিক্ষকের কক্ষেও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রধান শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত ক্লাসে না ফেরার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
তবে এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক স্কুলে না থাকায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাদের নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।
