মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

তৃণমূল খুব শিগগিরই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে: মমতা

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বলেছেন, খুব শিগগিরই রাজ্যে ক্ষমতায় ফিরবে তার দল। শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও রাখিবন্ধন উৎসব উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একই সঙ্গে বিজেপি ‘চোরদের নিয়ে ক্ষমতা দখল করেছে’ বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ দেন সাবেক এই মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কারাগারে যেতে হলে যাবেন, কিন্তু বিজেপিতে কেউ যাবেন না। সামনে কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেলে ঝাঁপিয়ে পড়বেন। খুব শিগগিরই তৃণমূল ক্ষমতায় ফিরবে। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না।

নেতা-কর্মীদের নামে প্রায় ১৪ হাজার মামলা দেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, এর বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে আন্তর্জাতিক আদালতে যাব। তখন সরকার ও গ্রেপ্তারকারীরাও ফাঁসবে। পুলিশের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপির অত কর্মী নেই, পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস করছে। আমরা এই পুলিশি সন্ত্রাস বন্ধ করবই।

তৃণমূল নেতাদের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা জানান, শিগগিরই তিনি জেলা সফর শুরু করবেন। অনুমতি না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবেন। বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, বাংলায় অত্যাচার করতে গিয়ে দিল্লিও টলমল। খুব শিগগিরই দিল্লির সরকারও পড়বে, আর দিল্লি চলে গেলে বিজেপিও অস্তিত্ব হারাবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *