ক্ষেতলালে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলালে অভিযান চালিয়ে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে রাকিব (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের নিশ্চিন্তা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে
ডিবি পুলিশের এসআই (নি.) সাখাওয়াত হোসেন ও এসআই আব্দুল্লাহ নোমান, এএসআই (নি.) মো. সাজেদুল ইসলাম, এএসআই (নি.) আনোয়ার হোসেন, কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজসহ একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার থেকে মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে রাকিবকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন জেলার কালাই উপজেলার একডালা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
