মূল কন্টেন্টে যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৪ বার

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন সভাপতি এবং মানবজমিনের নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাবে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নতুন ৩৬ জনসহ এবার মোট ভোটার ছিলেন ১২১ জন। ভোট গ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু ৪১ এবং সময় টিভির জুয়েল মৃধা ২৯ ভোট পেয়েছেন।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোরশেদ আলম ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ ৯৯ ভোট পেয়ে রফিকুল ইসলাম প্রথম হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন শহীদ জয় (৮৬), গালিব হাসান পিন্টু (৮৩), মুরশিদুল আজিম হিরু (৭৫), এস এম সোহেল (৬৮) এবং সফিক সাঈদ (সাফিকুল আলম) (৫১)। অপর দুই প্রার্থী তৌহিদ জামান ৪৭ এবং আব্দুল ওয়াহাব মুকুল ৪৬ ভোট পেয়েছেন।

ভোটের আগেই সহসভাপতি পদে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ও দৈনিক সুবর্ণভূমির বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুবর্ণভূমির কাজী আশরাফুল আজাদ ও দৈনিক কালের কণ্ঠের ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে দৈনিক নতুন সকালের জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে গাজী টিভির তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা করে। কমিটির অন্য দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও রেজাউল করিম।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *