যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামে করলা (উচ্ছে) গাছ রোপণকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের বিরোধের জেরে বড় ভাইকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো.সাইফুল ইসলাম (৩৮) একই গ্রামের মো. আরশেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে করলা গাছ রোপণকে কেন্দ্র করে সাইফুল ইসলাম ও তার ছোট ভাই মো. আবু সাঈদ (১৮)-এর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবু সাঈদ উত্তেজিত হয়ে ঘর থেকে একটি রামদা এনে সাইফুল ইসলামের ঘাড়ের বাম পাশে ও বাম হাতে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত আবু সাঈদ পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Reporter Name 













