নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম।
মতবিনিময় সভায় ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়; একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেতন নাগরিক এবং গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশের বিকল্প নেই। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিমের রচিত একটি গান পরিবেশন করেন বাউলশিল্পী কামরুল হাসান তালুকদার সবুজ। তাঁর পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, নাট্যাভিনেতা মো. মহিউদ্দিন সরকার, শাহ্ আলম, সাংবাদিক কোহিনুর আলমসহ প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে পুলিশ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 














