রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী প্রধান ডাকঘরে মেয়াদি সঞ্চয় হিসাবের নামে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের বিচারের দাবি ও আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী গ্রাহকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন মো. সেলিম, শরীফ শেখ, রাবেয়া বেগমসহ অন্যান্য ভুক্তভোগীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধা মেয়াদি সঞ্চয় হিসাব খোলার কথা বলে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা গ্রহণ করেন। কিন্তু সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, এ ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার বিকাশ বিশ্বাসেরও সংশ্লিষ্টতা রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের আমানতের অর্থ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ডাক বিভাগ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
Reporter Name 














