আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ায় তিন দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা’২০২৬-এর সফল সমাপ্তি হলো। মঙ্গলবার (২৮ জুলাই) বিতর্ক ও রচনা উভয় প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল দলকে পরাজিত করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় দল বিজয়ী হয়। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের মায়িশা মুমতাজ। অপরদিকে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হুমায়রা রহমান। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কলারোয়া মডেল হাইস্কুলের তানভীর রহমান ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের আনিকা নাওয়াব। কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়, খুলনা আয়োজিত এ প্রতিযোগিতায় ১৬ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রতিযোগিতার পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৌরভ দেবনাথ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। মডারেটর ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলি শাহিন।সমাপানী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আক্তার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা ও সাইদুজ্জামান লাভলু, শিক্ষক আব্দুল আলিম, মাওলানা কামাল হোসেন প্রমুখ।
Reporter Name 













