মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মৌলভীবাজারে ফিলিং স্টেশনে অভিযান

বুধবার, ১৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে জ্বালানি তেলের সঠিক পরিমাপ যাচাইয়ে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে মৌলভীবাজারের চারটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মো. মাহফুজুল হক অমি এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ।‘প্রসিকিউটিং এজেন্সি’ হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, অভিযানে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন ও মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোংয়ে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এসব প্রতিষ্ঠানে পরিমাপ সঠিক পাওয়া যায়।
তবে রাজনগরের মহলালের জরিফ মিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায় বলে জানায় জেলা প্রশাসন।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক জানান, পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের দায়ে প্রতিষ্ঠানটিকে সংশ্লিষ্ট আইনে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনটিকে সব ধরনের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *