সাতক্ষীরায় ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি থেকে দামারপোতা মোল্লাবাড়ি হয়ে মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের হাজী নূরুল ইসলামের মসজিদের সামনে থেকে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেয়ালা উত্তরপাড়া বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে সড়ক উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। অনুমোদিত প্রকল্পে সড়কটির কার্যকর দৈর্ঘ্য ৯১৫ মিটার ।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর বারী, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হাফিজুর মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সবুর, সেক্রেটারি অধ্যাপক শহিদুল রহমান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনিসুর রহমান, ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন ও সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা এবং প্রতিটি এলাকায় গিয়ে খেদমত করা তার দায়িত্ব ও কর্তব্য। জনগণ তাকে যে ভালোবাসা ও বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে তিনি কাজ করে যেতে চান।
