মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শপথের আগেই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ পঠিত: ২৩ বার

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) তাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর প্রয়াত দুই রাষ্ট্রনায়কের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। শ্রদ্ধা নিবেদন শেষে আজ রাত সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে বিজয়ী ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন সংসদ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর রাতেই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের স্বাক্ষরিত এক সরকারি গেজেটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। গেজেটে জানানো হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ধারা ১১ এবং ‘রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১’-এর বিধি ১২(৬) অনুযায়ী এই ঘোষণা দেওয়া হলো।

সংবিধানের নির্ধারিত বিধান অনুযায়ী, বর্তমানে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে আইন মন্ত্রণালয় সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুসরণ করে বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ দায়িত্বভার নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *