যশোরে পুলিশের স্থানীয় সরকার নির্বাচন প্রশিক্ষণ শুরু
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) যশোর পুলিশ লাইন্সের ব্যারাকের নিচতলার প্রশিক্ষণ কক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
প্রশিক্ষণে যশোর জেলা পুলিশ, পিবিআই যশোর এবং হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশ নেন। নির্বাচনসংক্রান্ত টিওটি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকদের পরিচালনায় মোট ১১টি সেশন ও সেশন-পরবর্তী মূল্যায়নের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে।
প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) যশোর ও প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
