চৌগাছায় মানবপাচার প্রতিরোধে ওরিয়েন্টেশন
যশোরের চৌগাছা ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে মানব পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি কার্যক্রম বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
যশোর চৌগাছা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, মানব পাচার প্রতিরোধে তাদের ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বিষয়ভিত্তিক আলোচনা করেন রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের কেস ম্যানেজার-সোশ্যাল সার্ভিস কৃষ্ণা সাহা, সাইকো-সোশ্যাল কাউন্সেলর তন্দ্রা দাস ও প্রকল্প কর্মী বজলুর রহমান। এতে বক্তব্য দেন চৌগাছা থানার এএসআই আরিফুল ইসলাম। আলোচনায় অংশ নেন ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য ও ইউপি সদস্য শান্ত ইসলাম, ইউনিয়ন ম্যারেজ রেজিস্ট্রার রুহুল কুদ্দুস ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান।
বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। তৃণমূল পর্যায়ে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। বিশেষ করে বিদেশগমনেচ্ছুদের বৈধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করা এবং প্রতারণা ও পাচারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করা জরুরি।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিদেশগমনেচ্ছু ব্যক্তিদের প্রাথমিক তথ্য সংরক্ষণে রেজিস্টার চালুর বিষয়ে মতামত দেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদ, মানব পাচার প্রতিরোধ কমিটি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত রাইটস যশোরের ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষ্ণা সাহা।
