মূল কন্টেন্টে যান
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

গত ২০ বছরে পর্যটনখাত ভেঙে পড়েছিলো, দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৪ বার

গত ২০ বছরে দেশের পর্যটনখাত ভেঙে পড়েছিলো, দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পর্যটন খাতকে অর্থনৈতিক বৈচিত্র্য, কর্মসংস্থান সৃষ্টি এবং সুষম আঞ্চলিক উন্নয়নের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে গুরুত্ব দিয়েছে। আমরা অন্ধকার থেকে শুরু করেছি। তাই পর্যটনের প্রতিটি স্তরে কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের মূলমন্ত্র হলো, আগামীকাল নয়, এখন থেকেই শুরু করতে হবে। আজ থেকেই শুরু করতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ জানায়, এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান তিনটি হলে প্রায় ৩০০টি বুথে অংশগ্রহণ করেছে। হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইন্স, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস ও মিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পর্যটন পণ্য ও সেবার প্রদর্শন সহ আকর্ষণীয় অফার দর্শনার্থীদের কাছে উপস্থাপন করবে।

মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ’। পাশাপাশি অনুষ্ঠিত হবে বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিং। বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে প্রতিদিন সন্ধ্যায়।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *