চৈত্রের শুরুতে স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও মাসের মাঝামাঝি থেকে দেশে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এপ্রিলজুড়ে তাপপ্রবাহের দাপটে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।
চৈত্রের প্রথম দুই সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ঘন ঘন কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আবহাওয়া তুলনামূলক শীতল ছিল। মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রাও নিয়ন্ত্রিত ছিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
তবে ১৫ চৈত্রের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। সূর্যের তাপমাত্রা বৃদ্ধি এবং আকাশে মেঘের উপস্থিতি কমে যাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি এপ্রিল মাসে ২ থেকে ৪টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এর পাশাপাশি ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে, যা তাপমাত্রাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নিয়ে যেতে পারে। ফলে জনজীবনে অস্বস্তি ও ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে কোনো একটি নিম্নচাপে পরিণত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির ঘটনাও অব্যাহত থাকতে পারে।
সব মিলিয়ে, এপ্রিল মাসজুড়ে দেশে তীব্র গরমের পাশাপাশি বৈরী আবহাওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
Reporter Name 



















