ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ক্ষেতলাল ডায়াবেটিক সমিতিকে ২০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারীর আন্তরিক উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় এ অনুদান বরাদ্দ দেওয়া হয়। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠুর হাতে ২০ লাখ টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম এবং জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সেবার পরিধি বৃদ্ধি এবং চিকিৎসার মান উন্নয়নে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে এ সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সমিতির নেতৃবৃন্দ বলেন, অনুদানের অর্থ দিয়ে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই অনুদান ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে উপজেলার ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীরা উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হবেন।
Reporter Name 














