রুকন উদ্দিন (নেত্রকোণা) প্রতিনিধি:
দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা-এর জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ‘সবার জন্য’-এ একক অতিথি হিসেবে সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন সমাজসেবক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান।
সম্প্রতি এটিএন বাংলার একান্ত সাক্ষাৎকারে
তিনি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, নাগরিকদের সম-অধিকার প্রতিষ্ঠা, সংস্কৃতি খাতে বাজেট বৃদ্ধি, সৃজনশীল অর্থনীতির বিকাশ এবং নারী ও শিশু সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। প্রাণবন্ত এ আলোচনায় সমসাময়িক সমাজ, সংস্কৃতি ও উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সাক্ষাৎকারে রোটারিয়ান এম. নাজমুল হাসান বলেন, একটি আধুনিক, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়তে হলে সমাজের প্রতিটি মানুষকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। নাগরিকদের সম-অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী, নারী, শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সমান সুযোগ সৃষ্টি করাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত।
নেত্রকোণার কেন্দুয়া-আটপাড়া উপজেলার গণমানুষের সেবক রোটারিয়ান এম নাজমুল হাসান আরও বলেন, সংস্কৃতি কেবল বিনোদনের বিষয় নয়; এটি একটি জাতির ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার ধারক। তাই সংস্কৃতি খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ, শিল্পী-সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। আলোচনায় সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন তিনি। এম. নাজমুল হাসান বলেন, শিল্প, সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
তরুণদের সৃজনশীল দক্ষতা বিকাশে রাষ্ট্র ও বেসরকারি খাতকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।নারী ও শিশু সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন, নিরাপদ সমাজ গঠনে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার প্রসার জরুরি। সচেতনতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।অনুষ্ঠানজুড়ে সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক বিকাশ এবং টেকসই উন্নয়ন নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, যা দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।ইতোমধ্যে এটিএন বাংলায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রণ ও আন্তরিক আয়োজনের জন্য এটিএন বাংলা কর্তৃপক্ষ এবং অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোটারিয়ান এম. নাজমুল হাসান।
Reporter Name 














