যশোরে ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার
যশোর অফিস
যশোর শহরের মাইকপট্টি এলাকার হাজী তাজের আলী মার্কেটের চারতলার একটি ভাড়া বাসা থেকে নিপা খাতুন ওরফে মিম (২৩) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বান্ধবীদের খবরের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ তালাবদ্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। মিম সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর আলী মোল্লার মেয়ে। তিনি একটি বেসরকারি ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, প্রায় ১০ দিন আগে ওই বাসায় একা ভাড়া ওঠেন মিম। সোমবার সারাদিন মোবাইলে যোগাযোগ না পেয়ে বান্ধবীরা বাসায় গিয়ে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও ময়নাতদন্ত করা হচ্ছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
