মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

৩৫ বছর মানুষের সেবায়, আজ নিজেই শয্যাশায়ী ‘মাছন ডাক্তার’

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ পঠিত: ১৬ বার

এম,হাসান,কক্সবাজার প্রতিনিধি:- একসময় এলাকার রাস্তাঘাট ছিল কাদামাটিতে ভরা। বর্ষা এলেই যোগাযোগব্যবস্থা হয়ে পড়ত দুর্বিষহ। অসুস্থ মানুষকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়াও ছিল অনেকটা দুঃসাধ্য। সেই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন একজন সহজ-সরল মানুষ—পল্লী চিকিৎসক মাওলানা মোহাম্মদ হোসেন, যিনি স্থানীয়দের কাছে পরিচিত ‘মাছন ডাক্তার’ নামে।

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুন্সিরবিল এলাকার বাসিন্দা মাওলানা মোহাম্মদ হোসেন প্রায় ৩৫ বছর ধরে খরুলিয়া বাজার, পিএমখালী ও আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। দীর্ঘ এই পথচলায় অসংখ্য দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার ভরসাস্থল হয়ে উঠেছিলেন তিনি।

স্থানীয়দের স্মৃতিতে আজও জীবন্ত সেই দিনগুলো। বর্ষায় যখন রাস্তাঘাট কাদা-মাটিতে তলিয়ে যেত, তখনও অসুস্থ মানুষের খবর পেলেই ছুটে যেতেন তিনি। দিন-রাত কিংবা প্রতিকূল আবহাওয়া—কোনো কিছুই তাঁকে মানুষের সেবা থেকে দূরে রাখতে পারেনি। তাঁর হাতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এলাকার বহু মানুষ।

সবচেয়ে বড় বিষয়, চিকিৎসাসেবাকে তিনি কখনো শুধু উপার্জনের মাধ্যম হিসেবে দেখেননি। দীর্ঘদিন মাত্র ২০ টাকা ভিজিটে চিকিৎসাসেবা দিয়েছেন। অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারা অনেক অসহায় মানুষকে বিনামূল্যেও চিকিৎসা দিয়েছেন। ফলে ধনী-গরিব নির্বিশেষে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আপনজনের মতো।

স্থানীয়রা জানান, ‘মাছন ডাক্তার’-এর চিকিৎসা পদ্ধতির পাশাপাশি তাঁর আন্তরিক ব্যবহারও রোগীদের মনে স্বস্তি দিত। অসুস্থ মানুষের কথা মন দিয়ে শোনা, সামর্থ্য অনুযায়ী চিকিৎসা দেওয়া এবং প্রয়োজন হলে আর্থিক বিষয়টি বিবেচনায় না নেওয়া—এসব মানবিক গুণের কারণে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেছেন।

কিন্তু সময়ের পরিক্রমায় সেই মানুষটিই আজ নিজে অসুস্থ। দীর্ঘদিন মানুষের অসুস্থতার সময়ে পাশে থাকা মাওলানা মোহাম্মদ হোসেন এখন শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর খরুলিয়া বাজার ও আশপাশের এলাকার দীর্ঘদিনের রোগী, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

যেসব মানুষ একসময় গভীর রাতে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাঁকে পাশে পেয়েছেন, আজ তাঁরাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন। তাঁদের প্রত্যাশা—যে মানুষটি জীবনের দীর্ঘ সময় অন্যের সুস্থতার জন্য কাজ করেছেন, মহান আল্লাহ যেন তাঁকেও দ্রুত সুস্থতা দান করেন।

এলাকাবাসী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাওলানা মোহাম্মদ হোসেনের দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তাঁর পরিবার-পরিজনের জন্যও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মানুষের সেবায় কাটানো তাঁর দীর্ঘ ৩৫ বছরের পথচলার মতোই, সবার ভালোবাসা ও দোয়ায় তিনি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এমন প্রত্যাশাই এখন তাঁর অসংখ্য রোগী ও শুভাকাঙ্ক্ষীর।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *