মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

৮৮ দিনে কুরআনের হাফেজ হলো ৯ বছরের শিশু আদনান

শনিবার, ১৫ আগস্ট ২০২৬ পঠিত: ১০ বার

এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ :- ভৈরবের রাণী বাজার জামিয়া রহমানিয়া হাজী জনাব আলী মাদ্রাসার মাত্র ৯ বছরের ছাত্র মোঃ আদনান মাত্র ৮৮ দিনে সম্পূর্ণ কুরআন মাজিদ মুখস্থ করে এক বিরল কৃতিত্ব অর্জন করেছে। তার এই অনন্য সাফল্যে আনন্দিত মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ পুরো ভৈরববাসী।

গত মঙ্গলবার (১২ আগষ্ট) সন্ধ্যায় মাদ্রাসার পক্ষ থেকে সফল এই হাফেজকে বিশেষ সংবর্ধনা ও পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

এছাড়া প্রধান মেহমান হিসেবে আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়ার হরষপুর মাদ্রাসার অধ্যক্ষ সাইকুল হাদিস আল্লামা আশরাফ আলী হরষপুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভৈরব দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান কাশেমী, ভৈরব জামে মসজিদের খতিব মোঃ জামালউদ্দিন এবং ভৈরব ইমাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এনায়েতুল্লাহ ভৈরবী।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ভৈরব রাণী বাজার জামিয়া রহমানিয়া হাজী জনাব আলী মাদ্রাসায় বর্তমানে নূরানী, নাজেরা, হেফজ ও কিতাব বিভাগে ৩৫৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। আদনানের এই অভাবনীয় সাফল্যে মাদ্রাসার শিক্ষক ও পরিবার গর্বিত। তার বাবা তাদির ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী। শিক্ষকদের মতে, সহজ-সরল স্বভাবের অধিকারী আদনান অত্যন্ত মনোযোগী ও প্রতিভাবান ছিল।

ভবিষ্যতে দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্বীনি প্রচারের মাধ্যমে মানবসেবা করার এবং হাদিস মুখস্থ করে মুহাদ্দিস হওয়ার স্বপ্ন দেখছে ছোট্ট আদনান। মাদ্রাসার শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তার এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *