খুলনার ফখরুল হত্যা, প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ র্যাবের হাতে গ্রেপ্তার
যশোর অফিস
খুলনার রূপসায় ইটভাটায় চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’ (৩৪)কে গ্রেফতার করেছে র্যাব-৬
রোববার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ দল যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে রূপসার ‘মেসার্স রূপসা ব্রিকস’-এর অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। ঘটনার দিন পিস্তল দিয়ে ফখরুলকে গুলি করার বিষয়েও তিনি স্বীকারোক্তি দিয়েছেন। জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত অন্যদের নামও পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
