এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী
যশোর অফিস
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস. এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এস. এম সুলতান ফাইন আর্ট কলেজে তিনদিন ব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
কলেজের স্থায়ী গ্যালারীতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী মাহবুব জামিল শামীম। এসময় সম্মানিত অতিথি ছিলেন শিল্পী মফিজুর রহমান রুন্নু।
কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানের আহবায়ক প্রভাষক মোঃ সৈকত চৌধুরী খোকন। প্রভাষক ও চিত্র শিল্পী কৃষি গৌতমের উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পী মাহবুব জামিল শামীম বলেন, শিল্পকর্ম শুধু দেখার জিনিস নয়, তা সমাজকে বদলানোর ও জাগিয়ে তোলার একটি অন্যতম হাতিয়ার। নতুনদের সেই শক্তিতে বিশ্বাস রাখতে হবে। তাছাড়া শিল্পের কোনো নির্দিষ্ট সীমানা আছে বলে আমি বিশ্বাস করি না। দৃশ্যশিল্পের মাধ্যমে মানুষের ভেতরের রূপ ও সমাজভাবনাকে ফুটিয়ে তোলাই একজন শিল্পীর আসল লক্ষ্য।
