মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ধীরে ধীরে মধ্যপ্রাচ্য একত্র হচ্ছে, সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি নিয়ে বললেন ট্রাম্প

সোমবার, ১৭ আগস্ট ২০২৬ পঠিত: ৬ বার

মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ ও সংঘাতের উত্তাপ বাড়ছে, তখন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নিরাপত্তা সহযোগিতার নতুন উদ্যোগে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিন দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানান তিনি।

ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান শেষ পর্যন্ত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে—এতে তিনি খুবই খুশি। তিন দেশের এই চুক্তিকে ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

কী আছে চুক্তিতে
গত ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চুক্তির লক্ষ্য যৌথ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করা। এর মাধ্যমে তিন দেশ নিজেদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর বিষয়ে যৌথ অঙ্গীকার করেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে চুক্তি
তিন দেশের এই নিরাপত্তা চুক্তি হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক উত্তেজনার মধ্যে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের প্রভাব অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলাসহ বিভিন্ন ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

চুক্তিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নেওয়ার বিষয়েও তিন দেশ একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।

‘মধ্যপ্রাচ্য এক হচ্ছে’
চুক্তি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এটি দেখাচ্ছে মধ্যপ্রাচ্য ধীরে ধীরে একত্র হচ্ছে। তার মতে, এর ফলে এই অঞ্চলের দেশগুলো আরও কার্যকরভাবে নিজেদের রক্ষা করতে পারবে।

ট্রাম্পের মন্তব্যে আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শাহবাজ
মক্কা চুক্তিকে সমর্থন করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

তিনি বলেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক নিজ নিজ দেশ এবং বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করবে।

এ সময় শাহবাজ শরীফ ট্রাম্পের ‘সাহসী ও দৃঢ় নেতৃত্বের’ও প্রশংসা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *